মরুর বুকে আজব ‘এলিয়েন লেক’
ছবি- সংগৃহিত
মরুভূমির মাঝে টলমলে এক পানির লেক। আকাশ থেকে দেখলে বা ড্রোন ক্যামেরায় তোলা ছবিতে লেকটিকে অনিন্দ্য সুন্দর দেখাবে। প্রথম দেখায় মনে হতে পারে, লেকটি কোনো এলিয়েন বা ভিনগ্রহের প্রাণীরা তৈরি করেছে। কিন্তু বাস্তবে এই লেকের পেছনের গল্প অনেকটা গল্পের মতোই।
বিশাল আয়তনের লেকটি নান্দনিক ও চিত্তাকর্ষক। ধারণা করতে পারেন, এই অভিনব লেক বা জলাধারটি কোথায় অবস্থিত? কে বা কারা এই লেক তৈরি করেছে? তাহলে ফিরে যেতে হবে ২০২০ সালে।
এলিয়েন লেক কী?
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইয়ের উপকণ্ঠে এই ‘এলিয়েন লেক’ অবস্থিত। দুবাই শহর থেকে যানবাহনে চেপে লেকটিতে যেতে সময় লাগবে এক ঘণ্টা। এরপরই আপনার চোখে ভেসে উঠবে বিস্তীর্ণ মরুর বুকে বিশাল জায়গা জুড়ে থাকা ‘এলিয়েন লেক’।
২০২০ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক বাণিজ্যিক সম্মেলন (এক্সপো-২০২০) এর লোগোর আকৃতি দিয়ে মূলত লেকটি তৈরি করা হয়েছে। পর্যটকদের আকৃষ্ট করার উদ্দেশ্যও রয়েছে।
কি আছে এলিয়েন লেকের নকশায়?
লেকটির নকশায় কাল্পনিক এলিয়েনের মাথার সদৃশ অনেকগুলো বৃত্তাকার আকৃতি রয়েছে। তবে এটি মোটেও এলিয়েনের মাথার আদলে তেরি করা হয়নি। লেকটির নকশা নেয়া হয়েছে এক্সপো-২০২০ এর লোগোর আদলে। আর লোগোটিতে রয়েছে বেশকিছু গোলাকার বৃত্ত। যা দেখতে অনেকটি আংটি বা অলংকারের অংশ বিশেষের মতো।
এলিয়েন লেকের নকশার ইতিহাস
কথিত আছে, ৪ হাজার বছর আগে দুবাইয়ে কেউ একজন অসাধারণ একটি আংটি তৈরি করেন। ওই আংটিটি বিয়ে কিংবা উপহারের অলংকারও হতে পারে। যদিও তা নিশ্চিত নয় কেউ। এবং দুর্ভাগ্যজনক ভাবে, সেই বিখ্যাত আংটিটি দুবাইয়ের উপকণ্ঠে মরুভূমিতে হারিয়ে যায়। বহু বছর পরে বিখ্যাত সেই আংটিটি ঠিক এই জায়গা থেকে খুঁজে পায় স্থানীয়রা।
আর সেই আংটি খুঁজে পাওয়ার পর আরব আমিরাতে নতুন যুগের সূচনা হয়। গবেষকরা নিশ্চিত হন যে, মরুর বুকে কোনো এক সময় আরব আমিরাতের মরুভূমিতেও বসতী ছিল, মানুষের বসবাস ছিল, চিত্তাকর্ষক নকশার দিন ছিল, ভালোবাসা ও জীবনের রঙ ছিল। আর এত কিছুর পেছনে একমাত্র বড় প্রমাণ ছিল, কেবলই সেই বিচিত্র নকশার আংটি।
আর তাই, বিচিত্র সেই আংটিকে আরব আমিরাত মনে করে তাদের প্রাচীন যুগের অস্তিত্বের দলিল হিসেবে। যে কারণে, এক্সপো-২০২০ সম্মেলনের লোগো তৈরি করা হয় প্রাচীন সেই আংটির আদলে। আমিরাতের মানুষ মনে করে, মরুভূমিতে খুঁজে পাওয়া আংটি ও তার নকশা দেশটির অতিতের প্রাচীন ইতিহাস ও ভবিষ্যতের সাথে সংযোগ ঘটানো এক দারুণ ‘সেতু’।
আর সেই ভাবনা থেকেই, তারা মরুর বুকে তৈরি করেছে কৃত্রিম লেক। যার নাম দেয়া যেতে পারে- ‘এলিয়েন লেক’।