রাষ্ট্রসংস্কারের আগে ব্যক্তির সংস্কার জরুরি: ড. মাসুদ
জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ড. মু শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, রাষ্ট্রের সংস্কারের আগে ব্যক্তির সংস্কার জরুরী।
শুক্রবার পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়ন ঝিলনা আব্দুর রব চেয়ারম্যান বাড়ী জামে মসজিদে পবিত্র জুমার খুতবায় তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, “সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। নিয়ামতের মালিক তিনি, বাড়ানোর মালিকও তিনি, আবার কমানোর মালিকও তিনিই। তাই শুকরিয়া কেবল তাঁর কাছেই আদায় করতে হবে।”
তিনি বলেন, কোরআন কেবল তেলাওয়াত করার জন্য নাজিল হয়নি; বরং তা বোঝার, আত্মশুদ্ধির মাধ্যমে মানুষকে পরিশুদ্ধ করার এবং সৎ চরিত্রে গড়ে তোলার জন্য এসেছে। ব্যক্তির সংস্কার ছাড়া রাষ্ট্রের সংস্কার সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “রাসূল (সা.) প্রথমে মানুষকে গড়েছেন, তারপর প্রতিষ্ঠা করেছেন সোনার মদিনা। তাই সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ হতে হবে।”
তিনি আরও বলেন, “আজকে আমাদের সমাজে রাস্তা, সেতু, ভবন সংস্কারের দাবি উঠছে। কিন্তু তার আগে জরুরি হলো মানুষকে নামাজে অভ্যস্ত করা, চরিত্রবান ও পরিশুদ্ধ মানুষ হিসেবে গড়ে তোলা। রাস্তা আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, বরং আপনার নামাজই কবরে আলো হবে।”
খুতবায় তিনি মসজিদে জামাতে নামাজ আদায়ের গুরুত্ব তুলে ধরেন। বলেন, “সালাত অন্ধকার কবরে আলো জ্বালাবে। তাই একজন মুসলমানের দায়িত্ব হলো জামাতে নামাজ আদায় করে আত্মাকে পরিশুদ্ধ করা।”
শফিকুল ইসলাম রাজনৈতিক প্রসঙ্গ টেনে বলেন, “আমরা অনেক সময় ভোটের রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু রাসূল (সা.) আমাদের শিখিয়েছেন, প্রথমে নিজেকে ঠিক করতে হবে। নেতা বা এমপি আপনার সঙ্গে কবরে যাবে না, কিন্তু সালাত যাবে।”
তিনি আরও বলেন, “যদি মুসলমানরা কোরআনকে বুঝে মেনে চলে, তাহলে যে কোরআন দিয়ে নববী মসজিদ ও মদিনার রাষ্ট্র পরিচালিত হয়েছে, সেই একই কোরআন দিয়েই বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা সম্ভব।”