• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াত আমির আটক

৫০ লাখ টাকাসহ বিমানবন্দরে জেলা জামায়াত আমির আটক

জেলা প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বেলাল উদ্দিন ঢাকা থেকে নভোএয়ারের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে বিপুল পরিমাণ নগদ টাকার সন্ধান পায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই জামায়াত নেতা তার ব্যাগে ৫০ লাখের বেশি টাকা থাকার কথা স্বীকার করেছেন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বেলাল উদ্দিনের কাছে থাকা ব্যাগে বিপুল পরিমাণ নগদ টাকা পাওয়া গেছে। এত বিপুল পরিমাণ টাকা পরিবহনের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।"

আটক বেলাল উদ্দিন পুলিশের কাছে নিজেকে একজন শিক্ষক হিসেবে পরিচয় দিয়েছেন। টাকার উৎসের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, এই টাকা তার ব্যক্তিগত ব্যবসার। তিনি গার্মেন্টস ব্যবসার সাথে সম্পৃক্ত এবং সেই কাজের প্রয়োজনেই এই অর্থ বহন করছিলেন।

তবে বিপুল পরিমাণ এই অর্থ কোনো বৈধ উৎস থেকে এসেছে কি না, নাকি অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করার পরিকল্পনা ছিল— তা খতিয়ে দেখছে পুলিশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। আটক বেলাল উদ্দিনের বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকায়।

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৬এএম, ঢাকা-বাংলাদেশ।