তারেক রহমানকে অভিনন্দন কমনওয়েলথ মহাসচিবের, বাংলাদেশের গণতন্ত্রে সমর্থন পুনর্ব্যক্ত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর তারেক রহমান ও তার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতি কমনওয়েলথের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।
বার্তায় শার্লি বোচওয়ে বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সকল নাগরিক, নির্বাচন সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও অংশীজন প্রশংসার দাবিদার। তিনি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে কমনওয়েলথের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করেন।
এদিকে প্রকাশিত ফলাফলে ২৯৭টি আসনের মধ্যে বিএনপি এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করেছে। ফল স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এছাড়া তাদের মিত্ররা তিনটি আসন পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয় পেয়েছে এবং তাদের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক দলগুলো পেয়েছে আরও ৯টি আসন।