সন্ত্রাসী ও চাঁদাবাজদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ
ফুলপুর ও তারাকান্দায় কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজকে প্রশ্রয় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মাদুল্লাহ। তিনি বলেছেন, "যদি কেউ সন্ত্রাসী বা চাঁদাবাজদের পক্ষ নেওয়ার চেষ্টা করেন, তবে এই অঞ্চলের জনগণকে সাথে নিয়ে তাদের সকল ষড়যন্ত্র ও অপতৎপরতার দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"
সোমবার (৯ মার্চ) বিকেলে ফুলপুর উপজেলা বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তৃতায় সংসদ সদস্য প্রশাসনের কর্মকর্তাদের প্রতিও কড়া বার্তা প্রদান করেন। তিনি স্পষ্ট করে বলেন, "ফুলপুর-তারাকান্দায় কোনো অফিসারের সুদ বা ঘুষের বাণিজ্যের সুযোগ দেওয়া হবে না। আমরা আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে আপনাদের কাছে এসেছি। ইনসাফভিত্তিক সমাজ কায়েম করা এবং এলাকার উন্নয়নে আপনাদের সঙ্গে নিয়ে সর্বোচ্চ ভূমিকা রাখাই আমাদের মূল লক্ষ্য।"
অনুষ্ঠানের অন্যান্য বিবরণ
১১ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুফতি আজিম উদ্দিন শাহ জামালী। ইফতারের পূর্ব মুহূর্তে প্রধান অতিথি জনকল্যাণ ও দেশের শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন।
অনুষ্ঠানে খেলাফত মজলিস ও ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।