গভীর শ্রদ্ধায় শাবিপ্রবির সাবেক ভিসি অধ্যাপক হাবিবুর রহমানকে স্মরণ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. হাবিবুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ আগস্ট ২০২৫) শাবি সমাজকর্ম বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তাঁকে গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। ২০০৬ সালের ২৭ জুলাই তিনি মৃত্যুবরণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের প্রধান অধ্যাপক মো. মিজানুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন অধ্যাপক তাহমিনা ইসলাম। অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন বিভাগের প্রতিষ্ঠাকালীন সহকর্মী অধ্যাপক ড. তুলসী কুমার দাস, অধ্যাপক আমিনা পারভীন, অধ্যাপক নিয়াজ আহমেদ, অধ্যাপক সৈয়দা সুলতানা পারভীন, প্রথম ব্যাচের শিক্ষার্থী অধ্যাপক শফিকুর রহমান চৌধুরী, অধ্যাপক মো. শামীম খান ও ডেপুটি ডিরেক্টর হেলাল আহমেদ প্রমুখ।
স্মৃতিচারণ করতে গিয়ে অধ্যাপক ড. তুলসী কুমার দাস বলেন, “অধ্যাপক হাবিবুর রহমান ছিলেন একজন মননশীল শিক্ষক, দূরদর্শী প্রশাসক ও সমাজ উন্নয়নে নিবেদিত প্রাণ। শিক্ষা ও মানবতার প্রশ্নে তিনি ছিলেন আপসহীন, সততার প্রতীক।”
প্রসঙ্গত, অধ্যাপক হাবিবুর রহমান ১৯৯৭ সালের ২০ জুলাই শাবিপ্রবির উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক ছিলেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
তিনি শাবিপ্রবিতে সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা, প্রফেসর, বিভাগীয় প্রধান, রেজিস্ট্রার ও ডিনের দায়িত্ব পালন করেন। অবসরোত্তর সময়ে তিনি সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৪২ সালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের চান্দপুর গ্রামে জন্মগ্রহণকারী এই কৃতি শিক্ষাবিদের অবদান বাংলাদেশের উচ্চশিক্ষা ও সমাজ উন্নয়নে এক অবিস্মরণীয় অধ্যায়।