নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দাবি ইএফএ’র
বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন (ইএফএ)। সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, সম্প্রতি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারী সেনাবাহিনী সম্পর্কে কুরুচিপূর্ণ ও ভিত্তিহীন মন্তব্য করেছেন, যা জাতীয় প্রতিষ্ঠানের মর্যাদাকে চরমভাবে আঘাত করেছে।
ইএফএ-এর সেক্রেটারি লেফটেন্যান্ট সাইফুল্লাহ খান সাইফ (অব.) স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নাসির উদ্দিন পাটোয়ারী প্রকাশ্যে দাবি করেছেন—বাংলাদেশ সেনাবাহিনী নাকি সংবিধান বোঝে না, তাদের ‘মাথায় ঘিলু নেই’ এবং তারা বিদেশ থেকে অস্ত্র কিনলেও তা চালাতে জানে না। সংগঠনটির মতে, এ ধরনের বক্তব্য দায়িত্বজ্ঞানহীন ও ধৃষ্টতাপূর্ণ।
বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনী শুধু একটি বাহিনী নয়, বরং জাতির স্বাধীনতার ফসল ও অহংকার। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি দুর্যোগ ও সংকটে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। বিশেষ করে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে সেনাবাহিনী ও সাধারণ মানুষ একযোগে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন মনে করে, নাসির উদ্দিন পাটোয়ারীর বক্তব্য কেবল সেনাবাহিনী নয়, সেই আন্দোলনে অংশ নেওয়া জনগণকেও অপমান করেছে। বিবৃতিতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, সেনাবাহিনীকে হেয় করে কেউ পার পাবে না। তার বিরুদ্ধে অবিলম্বে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
সংগঠনটি আরও জানায়, ভবিষ্যতে যদি কেউ সেনাবাহিনীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের দুঃসাহস দেখায়, তবে তারা আরও কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে। সেনাবাহিনীকে নিয়ে অপপ্রচার মানে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র—এমন অভিযোগও তোলেন এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশনের নেতারা।