• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফরিদপুরে এনসিপি’র সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ

ফরিদপুরে এনসিপি’র সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারীর পদত্যাগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমন্বয় কমিটি থেকে প্রধান সমন্বয়কারী ফরহাদ হোসেন খান (৪৫) পদত্যাগ করেছেন।

রোববার (১৭ আগস্ট) দুপুরে নগরকান্দা ডাকঘর থেকে ডাকযোগে তিনি পদত্যাগপত্র পাঠান। দলের মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বরাবর পদত্যাগপত্রটি পাঠানো হয়। এ ছাড়া পদত্যাগপত্রের অনুলিপি ফরিদপুর জেলা এনসিপির আহ্বায়ক, নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার ও প্রেসক্লাবে প্রদান করা হয়।

পদত্যাগপত্রে ফরহাদ হোসেন খান উল্লেখ করেন, গত ৪ জুন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত চিঠির (স্মারক নং এনসিপি/কেন্দ্র/উ.স.ক/২০২৫-২০২৬/২৭) মাধ্যমে নগরকান্দা উপজেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। সেখানে তাঁকে প্রধান সমন্বয়কারী করা হলেও কোনো ধরনের আলোচনা বা পরামর্শ ছাড়াই এ কমিটি গঠন করা হয়েছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি।

তিনি আরও উল্লেখ করেন, তাঁকে অবহিত না করেই এই পদে বসানো হয়েছে। এর প্রতিবাদস্বরূপ তিনি পদত্যাগ করছেন এবং ভবিষ্যতে এনসিপির কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন না।

ফরহাদ হোসেন খান বলেন, “আমি যে এনসিপির রাজনীতি করি, সেটা তো আমিই জানতাম না। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য নই। আমাকে না জানিয়ে কেন পদ দেওয়া হলো, সেটি দলের কাছে জানতে চান।”

তাঁর কাছে জানতে চাওয়া হয়, পদে নিয়োগের পর এত দিন কেন পদত্যাগ করলেন? জবাবে তিনি জানান, গত ২ জুন থেকে একটি পারিবারিক মামলায় তিনি কারাগারে ছিলেন। জুলাইয়ের মাঝামাঝি মুক্তি পেয়ে দুর্ঘটনায় শয্যাশায়ী ছিলেন। সম্প্রতি ফেসবুকে কয়েকজনের পোস্ট দেখে তিনি জানতে পারেন, তাঁকে কমিটির পদে রাখা হয়েছে। এরপরই পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এ বিষয়ে এনসিপির ফরিদপুর অঞ্চলের সংগঠক মো. রাকিব হাসান বলেন, “আমরা এখনও কোনো পদত্যাগপত্র পাইনি। কেউ যদি সংগঠনে থাকতে না চান, তাঁকে জোর করে রাখা হবে না। তবে কেন আলোচনাহীনভাবে কমিটি দেওয়া হলো, সেসব বিষয় মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে বসে দেখা হবে।”

উল্লেখ্য, গত ৪ জুন ঘোষিত নগরকান্দা উপজেলা এনসিপি সমন্বয় কমিটিতে একজন প্রধান সমন্বয়কারী ও চারজন যুগ্ম সমন্বয়কারীসহ সাতজন সদস্য মনোনীত হয়েছিলেন। কমিটির মেয়াদ নির্ধারণ করা হয়েছিল আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত।

১৮ আগস্ট ২০২৫, ১১:৫০এএম, ঢাকা-বাংলাদেশ।