জামায়াত নেতৃবৃন্দের সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)- এর একটি প্রতিনিধি দলের সঙ্গে জামায়াত নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) রাতের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
তিন সদস্যের ওই প্রতিনিধি দলে ছিলেন আইআরআই-এর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক মি. স্টিফেন সিমা, উপপরিচালক মি. ম্যাথিউ কার্টার এবং সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মি. অমিতাভ ঘোষ।
অপরদিকে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার।
বৈঠকে ২০২৪ সালের গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিচার কার্যক্রম, রাষ্ট্রীয় সংস্কার এবং অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের অগ্রগতি বিষয়ে উভয়পক্ষ মতবিনিময় করেন।
জামায়াত সূত্র জানায়, বৈঠকে দলীয় নেতারা বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে বিভিন্ন দিক তুলে ধরেন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করেন।