• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন: তারেক রহমান

রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিজয় ঠেকাতে কেউ কেউ নানা রকম শর্ত ও অপকৌশলের আশ্রয় নিচ্ছেন। তিনি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশ্যে আহ্বান জানান— “রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবেলা করুন।”

বৃহস্পতিবার বিকেলে জন্মাষ্টমী উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, “যারা মনে করছেন নির্বাচন হলে জনগণ ভোট দিয়ে বিএনপিকে সরকার গঠনে সহায়তা করবে, তারা বিএনপির বিজয় ঠেকাতে নানা রকম অপকৌশল ও শর্তের বেড়াজালের আশ্রয় নিচ্ছেন। তাদের উদ্দেশে বলতে চাই, জনগণের শক্তির উপর আস্থা রাখুন। বিএনপির বিজয় যদি জনগণ নির্ধারণ করে দেয়, তবে সেই বিজয় ঠেকাতে গিয়ে জনগণের রায় প্রদানের পথ রুদ্ধ করবেন না।”

পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ

তারেক রহমান বলেন, “আসন্ন নির্বাচনকে ঘিরে যারা পরিস্থিতি ঘোলাটে করার অপচেষ্টা করছেন, তারা হয়তো নিজের অজান্তেই গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করছেন। একই সাথে পতিত পরাজিত পলাতক স্বৈরাচার পুনর্বাসনের সুযোগও সৃষ্টি হচ্ছে।”

রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে বার্তা

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে সতর্ক করে বলেন, “গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যকার বিরোধ এমন পর্যায়ে নেওয়া উচিত নয়, যেটিকে পুঁজি করে পরাজিত ফ্যাসিবাদ নিজেদের অপকর্মকে ন্যায্যতা দেওয়ার সুযোগ পায়।”

ঐকমত্যের প্রয়োজনীয়তা

স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে ঐকমত্যের ওপর গুরুত্বারোপ করে তারেক রহমান বলেন, “আমরা মনে করি প্রতিটি ইস্যুতে প্রত্যেকটি দলের অবস্থান এক হওয়া জরুরি নয়। তবে অবশ্যই দেশকে তাবেদারমুক্ত রাখা, পলাতক স্বৈরাচার ও ফ্যাসিবাদের পুনর্বাসন ঠেকানো— এসব ইস্যুতে ঐকমত্য ও ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি।”

২২ আগস্ট ২০২৫, ১২:১৫এএম, ঢাকা-বাংলাদেশ।