• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

“বাংলাদেশ-চীন সম্পর্ক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে”

“বাংলাদেশ-চীন সম্পর্ক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে দাঁড়িয়ে আছে”

নিজস্ব প্রতিবেদক

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বলেছেন, “বাংলাদেশের শিক্ষার উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।” তিনি বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক আস্থা, পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে গড়ে উঠেছে।

সোমবার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে চীন সরকারের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ঢাকাস্থ চীনা দূতাবাস ও অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ চায়না অ্যালামনাই (ABCA)।

প্রফেসর ফায়েজ আরও বলেন, “চীন বাংলাদেশের শিক্ষা খাতের আধুনিকীকরণ ও মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। চীনের অব্যাহত সহযোগিতা দেশের অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ ও মানবসম্পদ উন্নয়নে অত্যন্ত ফলপ্রসূ।” তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে শিক্ষা, গবেষণা, প্রযুক্তি ও সংস্কৃতি খাতে দুই দেশের সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি সাওপিং। সভাপতিত্ব করেন ABCA-র সাধারণ সম্পাদক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. সাহাবুল হক।

এছাড়া অনুষ্ঠানে ইংলিশ চ্যানেল সাঁতরে সফলভাবে পার হওয়া নাজমুল হক হিমেলকে সংবর্ধনা জানানো হয়। তাকে ক্রেস্ট ও অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড সার্টিফিকেট প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. রাকিবুল হক, ডা. কাউছার স্বপন, পিএইচডি গবেষক মারুফ হাসান, শিক্ষক জান্নাতুন নাহার এবং চীনা দূতাবাসের কালচারাল এটাশে মি. নিলম্বর।

২৫ আগস্ট ২০২৫, ১০:৫৭এএম, ঢাকা-বাংলাদেশ।