• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

ফখরুল-বুলুসহ বিএনপির ২৯ নেতাকর্মী নাশকতা মামলায় অব্যাহতি

ফখরুল-বুলুসহ বিএনপির ২৯ নেতাকর্মী নাশকতা মামলায় অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রমনা থানার নাশকতা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আজ সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন। শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ ও জাকির হোসেন জুয়েল অব্যাহতির আবেদন করেন। আদালত শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন।

এর আগে বরকত উল্লাহ বুলু আদালতে সশরীরে হাজিরা দেন।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, নেতা মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদল নেতা ইসহাক সরকার ও হামিদুর রহমান হামিদ।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জাকির হোসেন জুয়েল জানান, মামলাটি প্রত্যাহারের জন্য রাষ্ট্রপক্ষ আবেদন করে। পরে আদালত শুনানি শেষে মামলাটি প্রত্যাহার করে সব আসামিকে অব্যাহতি দেন।

মামলার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি শান্তিনগরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীরা বিএনপির ওপর হামলা চালায় এবং বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এরপর রমনা থানার উপ-পরিদর্শক আশফাক রাজীব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন।

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:১০পিএম, ঢাকা-বাংলাদেশ।