আন্দোলনের জবাব রাজপথে দেওয়ার ঘোষণা
রাজনৈতিক দল নিষিদ্ধে নির্বাহী আদেশ সমর্থন করে না বিএনপি
জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি চালুর দাবিতে জামায়াতে ইসলামীসহ কয়েকটি রাজনৈতিক দলের যুগপৎ আন্দোলনের জবাবে বিএনপি রাজপথে শক্তি প্রদর্শনের ঘোষণা দিয়েছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ মঙ্গলবার গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বলেন, “আমরা পিআর পদ্ধতির বিপক্ষে উচ্চ ও নিম্নকক্ষ সর্বত্র। মাঠের জবাব আমরা মাঠেই দেবো।”
তিনি বলেন, কোনো রাজনৈতিক দল চাইলে তাদের ইশতেহারে পিআর পদ্ধতির দাবি তুলতে পারে। জনগণ ম্যান্ডেট দিলে তখন আইন প্রণয়ন সম্ভব।
জামায়াত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন ও জাগপার একাংশ পিআরসহ পাঁচ দফা দাবিতে তিন দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে। এ নিয়ে বিএনপি নেতা বলেন, “নির্বাচন বানচালের জন্য যে কোনো কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে।”
সালাহউদ্দিন আরো বলেন, সংস্কার তখনই বাস্তবায়ন হবে যখন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হবে।
জাতীয় পার্টি ও ১৪ দলীয় জোটের শরিক দলগুলোকে নিষিদ্ধ করার দাবির প্রসঙ্গে তিনি বলেন, “কোনো রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করা যাবে না। বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই সিদ্ধান্ত নিতে হবে।”
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে দায়ী। এ নিয়ে আদালতে মামলা হয়েছে এবং বিচার প্রক্রিয়া চলছে।