• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক

তালেবানের আমন্ত্রণে আফগানিস্তান সফরে মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক

ইমারাত এ ইসলামিয়ার (তালেবান সরকার) আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ দেশের সাতজন আলেম।

বুধবার সকালে তারা কাবুলে পৌঁছান। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, কয়েকজন মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা।

বাংলাদেশ খেলাফত মজলিসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা বিশ্বে যে সমালোচনা রয়েছে, সে বিষয়েও তারা বাস্তব অবস্থা সরাসরি দেখবেন।

এই সফরে দুই দেশের আলেমদের সম্পর্ক উন্নয়ন, কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা-বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানো বিষয়ে আলোচনা হবে। এছাড়া সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করারও পরিকল্পনা রয়েছে।

প্রতিনিধিদলে মামুনুল হকের পাশাপাশি আছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা আবদুল হামিদ (মধুপুরের পীর), মাওলানা আবদুল আউয়াল, মাওলানা আবদুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুর রহমান।

এর আগে ১৪ সেপ্টেম্বর তারা সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন। পরে দুবাই হয়ে কাবুলে পৌঁছান। সফর শেষে মামুনুল হকের মধ্য এশিয়ার আরও কিছু দেশ সফরেরও পরিকল্পনা রয়েছে।

১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৫পিএম, ঢাকা-বাংলাদেশ।