• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

তামাকমুক্ত প্রজন্ম গড়তে শক্তিশালী আইন প্রয়োজন

তামাকমুক্ত প্রজন্ম গড়তে শক্তিশালী আইন প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক

তামাক বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে প্রধান বাধা হিসেবে কাজ করছে। দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশ ঘটে হৃদরোগ, ক্যানসারসহ অসংক্রামক রোগে, যার অন্যতম প্রধান কারণ তামাক। প্রতিদিন গড়ে ৪৪২ জন মানুষ তামাকজনিত কারণে মারা যায়।

আজ সিরডাপ মিলনায়তনে প্রজ্ঞা ও অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স আয়োজিত ‘তামাকমুক্ত প্রজন্ম: আইন শক্তিশালীকরণে নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলেন, তামাকমুক্ত সুস্থ প্রজন্ম গড়তে আইন শক্তিশালীকরণের বিকল্প নেই। বৈঠকে জানানো হয়, ১৫-৩৫ বছরের মধ্যে প্রায় ৫ কোটি তরুণকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে শক্তিশালী আইন জরুরি।

প্রধান অতিথি ড. হোসেন জিল্লুর রহমান বলেন, “আইন সংস্কার হলে এটি সরকারের সিগনেচার রিফর্ম হবে।” বাংলাদেশ ক্যান্সার সোসাইটির অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা দ্রুত খসড়া সংশোধনী পাসের আহ্বান জানান। খসড়া সংশোধনীতে পাবলিক প্লেসে ধূমপান, খুচরা বিক্রয়, ই-সিগারেট ও ভেপিং পণ্যের বিক্রয় ও উৎপাদন নিষিদ্ধসহ বিভিন্ন ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, ডা. আবু জামিল ফয়সাল, আবু তাহের, ডা. মাহফুজ কবীর, অধ্যাপক ডা. অনুপম হোসেন, মর্তুজা হায়দার লিটন, এবিএম জুবায়ের, নাদিরা কিরণ, হাসান শাহরিয়ার।

 

 

২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৫এএম, ঢাকা-বাংলাদেশ।