১০০ পদ্মা সেতুর টাকা পাচার করেছে আ. লীগ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান অভিযোগ করেছেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর আহমেদ চৌধুরী হলে জাতীয়তাবাদী ব্যাংক-বিমা পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
ড. মঈন খান বলেন, ‘‘সম্প্রতি বিলাতের বিশ্ববিখ্যাত একটি পত্রিকার প্রতিবেদনে প্রকাশিত হয়েছে যে গত ১৫ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। এই অর্থ দিয়ে নির্মাণ করা যেতো। এমনকি এই অঙ্কের অর্থ বাংলাদেশের পাঁচ বছরের বাজেটের সমান। এ টাকা দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের, আওয়ামী লীগের নিজের টাকা নয়।’’
তিনি আরও বলেন, ‘‘আমাদের লক্ষ্য শুধু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা নয়। গণতন্ত্র হচ্ছে একটি মেকানিজম। এর মাধ্যমে আমরা ১৮ কোটি মানুষের জীবনকে সুন্দর ও নিরাপদ করতে চাই। এমন একটি সমাজব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে।’’
আলোচনা সভায় জাতীয়তাবাদী ব্যাংক-বিমা পেশাজীবী পরিষদের সভাপতি এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা ব্যাংক-বিমা ও আর্থিক খাতে ‘‘সরকারের লুটপাটের ভয়াবহ চিত্র’’ তুলে ধরেন।