• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের শিল্পখাতের সম্ভাবনা: শিল্প উপদেষ্টা

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের শিল্পখাতের সম্ভাবনা: শিল্প উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের শিল্পখাতের সম্ভাবনা ও সক্ষমতাকে বিশ্বমঞ্চে তুলে ধরছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

আজ শনিবার ঢাকার তেজগাঁওয়ে অনুষ্ঠিত “Automobiles and Agro-Machinery Fair 2025 – Road to Made in Bangladesh” শীর্ষক দুই দিনব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শিল্প উপদেষ্টা বলেন, “অগ্রাধিকারপ্রাপ্ত এই সেক্টরগুলো দেশের রপ্তানি বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনীতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই মেলার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাবে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। সরকারের লক্ষ্য হলো ‘Made in Bangladesh’ ব্র্যান্ডকে বিশ্বমানের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করা।” তিনি আরও যোগ করেন, এজন্য উৎপাদনভিত্তিক শিল্পের বিকাশ, প্রযুক্তি স্থানান্তর, গবেষণা-উদ্ভাবন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা অপরিহার্য।

বিশেষ অতিথির বক্তব্যে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাত দেশের উন্নয়নে প্রত্যক্ষ ভূমিকা রাখছে। দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিল্প মন্ত্রণালয় ধারাবাহিকভাবে কাজ করছে।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজের সভাপতিত্বে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের এমডি আনোয়ার হোসেন চৌধুরী, ড. এম আবু ইউসুফ, কৃষিপ্রযুক্তি উদ্যোক্তা আলিমুজ্জামান চৌধুরী ও আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. এম মাসরুর রিয়াজ। তিনি উপাত্তসহ অটোমোবাইল, এগ্রো-মেশিনারি ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের বর্তমান অবস্থা, প্রবৃদ্ধি এবং ভবিষ্যৎ করণীয় দিকগুলো তুলে ধরেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর শিল্প উপদেষ্টা মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮পিএম, ঢাকা-বাংলাদেশ।