• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

দুদকের অভিযান: সাবেক মন্ত্রীর বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ

দুদকের অভিযান: সাবেক মন্ত্রীর বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিদেশে সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে চট্টগ্রামে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ সময় কর্ণফুলী উপজেলার ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়ি থেকে ২৩ বস্তা নথিপত্র জব্দ করা হয়। বাড়িটি সাইফুজ্জামানের স্ত্রী রুখমিলা জামানের গাড়িচালক মো. ইলিয়াস তালুকদারের।

দুদক জানায়, শনিবার রাত ২টা থেকে রবিবার ভোর ৫টা পর্যন্ত চলা এ অভিযানে নথিপত্রগুলো জব্দ করা হয়। অভিযানের আগে নথিগুলো সরিয়ে ফেলার চেষ্টা হয়েছিল বলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে জানা যায়। পরে পুনরায় অভিযান চালিয়ে কাগজপত্রগুলো উদ্ধার করা হয়।

দুদকের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, জব্দ করা কাগজপত্র যাচাই-বাছাই চলছে। এগুলো পর্যালোচনা করে বিস্তারিত জানা যাবে। দুদকের আরেক উপপরিচালক মশিউর রহমান জানান, রুখমিলা জামানের গাড়িচালকের বাড়ি থেকে উদ্ধার করা এসব নথিতে বিদেশে সম্পদ সম্পর্কিত তথ্য থাকতে পারে।

এর আগে সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাত, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে ছয়টি মামলা করেছে দুদক। গত বুধবার তাঁর ও স্ত্রীসহ ১০ জনের বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়। মামলার সূত্র ধরে চট্টগ্রামের ডবলমুরিং এলাকা থেকে তাঁর দুই সহযোগী উৎপল পাল ও আবদুল আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে রিমান্ডে রয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, সাইফুজ্জামানের যুক্তরাজ্যে ৩৫০টি বাড়ি কেনার তথ্য রয়েছে। এছাড়া আরও কয়েকটি দেশে সম্পদ থাকার খবর মিলেছে। জব্দ হওয়া নথিতে এসব বিষয়ে নতুন তথ্য থাকতে পারে।

গত বছরের ৭ অক্টোবর আদালত সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন। তবে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ৫ আগস্ট তিনি দেশ ছেড়ে পালিয়ে যান। সম্প্রতি তাঁর ও স্ত্রীর বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক।

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫০এএম, ঢাকা-বাংলাদেশ।