বিদেশ ভ্রমণে বাংলাদেশিদের ভিসা জটিলতা, শিক্ষার্থী ও কর্মীরা সমস্যায়
কর্মী, শিক্ষার্থী ও পর্যটকসহ প্রায় সব ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য বিদেশের ভিসা পাওয়া দিনে দিনে কঠিন হয়ে উঠেছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, সুইডেনে ভর্তি পাওয়া শিক্ষার্থী তারিন সুলতানা তিন মাস ধরে ভিসা জটিলতায় ক্লাস শুরু করতে পারেননি। থাইল্যান্ডে পর্যটক ভিসার জন্য মোহাম্মদ রাহী এক মাসেরও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। ভারতে চিকিৎসার জন্য হান্নান শেখও অনিশ্চয়তায় রয়েছেন।
শিক্ষার্থী ভিসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আবেদন বাতিলের হার এখন শতকরা ৯৫। ইউরোপের কিছু দেশে দূতাবাস বাংলাদেশে না থাকায় শিক্ষার্থী বা কর্মীদের তৃতীয় দেশে গিয়ে আবেদন করতে হচ্ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, অবৈধভাবে বিদেশে থেকে যাওয়ার প্রবণতা, ভুয়া ডকুমেন্টেশন এবং বিভিন্ন দেশের অভ্যন্তরীণ নীতি পরিবর্তনের কারণে ভিসা আবেদন বাতিল বা প্রত্যাখ্যানের সংখ্যা বেড়েছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেছেন, “ভিসা দেওয়া বা না দেওয়ার এখতিয়ার সংশ্লিষ্ট দেশের। তবে অভ্যন্তরীণ পরিস্থিতি ও কূটনৈতিক সম্পর্কও গুরুত্বপূর্ণ।”
শ্রমবাজারেও বাংলাদেশিদের জন্য প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। মালয়েশিয়া, দুবাই, কাতার ও ওমান প্রায় বন্ধ; কেবল সৌদি আরব সীমিতভাবে কর্মী নিচ্ছে। ভারতের কঠিন ভিসা নীতির কারণে বাংলাদেশিরা অন্য দেশে গিয়ে আবেদন করতে বাধ্য হচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দূতাবাসের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করা হচ্ছে এবং নতুন শ্রমবাজার খোঁজার চেষ্টা চলছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দক্ষ কর্মী তৈরি ও অভ্যন্তরীণ কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে সমস্যা কিছুটা কমানো সম্ভব।
সূত্র: বিবিসি