‘রুহুল আমিন গাজী ছিলেন প্রতিবাদী কণ্ঠস্বর’ – কাদের গনি চৌধুরী
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, প্রয়াত সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী সবসময় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে কাজ করেছেন। প্রতিকূল পরিস্থিতিতে তিনি কখনো পেছনে তাকাননি, সাহস নিয়ে এগিয়ে গেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন। স্মরণসভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
কাদের গনি চৌধুরী বলেন, রুহুল আমিন গাজী ছিলেন সৎ, নির্ভীক ও সাহসী সাংবাদিকতার প্রতীক। সাংবাদিকদের অধিকার আদায়ে তার কোনো বিকল্প ছিল না। ফ্যাসিস্ট সরকারের অন্যায়ের বিরোধিতা করতে গিয়ে তিনি কারাবরণ করেছেন, তবু পিছপা হননি।
সভায় জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদসহ বিভিন্ন সাংবাদিক নেতা ও সংগঠনের প্রতিনিধিরা স্মৃতিচারণ করেন। তারা বলেন, রুহুল আমিন গাজীর শূন্যস্থান পূরণ হওয়ার নয়। তার আদর্শ অনুসরণ করে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।