ফেনী: ফুলগাজী ইউনিয়ন বিএনপির সদস্য হলেন খালেদা জিয়া
জেলা প্রতিনিধি
ফেনীর ফুলগাজী সদর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে ফুলগাজী উপজেলা বিএনপির আওতাধীন ছয়টি ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা আহ্বায়ক ফখরুল আলম স্বপন।
ঘোষিত কমিটিতে ফুলগাজী সদর ইউনিয়নের সভাপতি হয়েছেন মনির আহম্মদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মো. ইয়াছিন মাহমুদ মজুমদার। একই সঙ্গে মুন্সিরহাট, দরবারপুর, আনন্দপুর, আমজাদহাট ও জি এম হাট ইউনিয়নেরও সভাপতি ও সাধারণ সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে।
ফখরুল আলম স্বপন বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে তৃণমূল বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করবেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী-১ আসন থেকেই নির্বাচন করবেন বলে জানান তিনি।