• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

আমাকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী: শহিদুল আলম

আমাকে অপহরণ করেছে ইসরায়েলি বাহিনী: শহিদুল আলম

সেন্ট্রাল ডেস্ক

গাজা অভিমুখে মানবিক সহায়তা ও সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে যাত্রা করা জাহাজ ‘কনশেনস’ মাঝসমুদ্রে আটক করেছে ইসরায়েলি বাহিনী। জাহাজটিতে ছিলেন বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম

বুধবার বাংলাদেশ সময় সকাল সোয়া ১০টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় শহিদুল আলম বলেন,

“আমি শহিদুল আলম, বাংলাদেশের একজন আলোকচিত্রী ও লেখক। আমাদের সাগরে আটকে দেওয়া হয়েছে এবং আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে।”

তিনি আরও বলেন,

“এরা সেই বাহিনী, যারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সহযোগিতায় গাজায় জাতিগত নিধন চালাচ্ছে। ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যেতে আমি আমার সব সহযোদ্ধাদের আহ্বান জানাচ্ছি।”

জাহাজটি আন্তর্জাতিক মানবিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (FFC) এবং থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা (TMTG)–এর নৌবহরের অংশ। এতে সাংবাদিক, চিকিৎসাকর্মী ও মানবাধিকারকর্মীরা ছিলেন, যাদের লক্ষ্য ছিল ইসরায়েলের অবরোধ অমান্য করে গাজায় প্রবেশ করা।

গতকাল (মঙ্গলবার) শহিদুল আলম সামাজিক মাধ্যমে জানান, তাঁদের জাহাজ ‘রেড জোনে’ প্রবেশের পথে—যে এলাকায় সম্প্রতি ইসরায়েলি বাহিনী অন্য একটি ফ্লোটিলা আটক করেছিল।

২০২৩ সালের অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে এখন পর্যন্ত ২৭০ জনের বেশি সাংবাদিক নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংস্থাগুলো জানিয়েছে। অনেকেই আটক বা নিখোঁজ রয়েছেন।

মানবাধিকার সংস্থা ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো শহিদুল আলমের নিরাপত্তা নিশ্চিত করতে ইসরায়েল সরকারের প্রতি অবিলম্বে আহ্বান জানিয়েছে।

 

০৮ অক্টোবর ২০২৫, ০৫:৪৮এএম, ঢাকা-বাংলাদেশ।