• ঢাকা, বাংলাদেশ
  • রোববার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

খালেদা জিয়ার চিকিৎসার নথি জব্দ ও তদন্তের দাবি

খালেদা জিয়ার চিকিৎসার নথি জব্দ ও তদন্তের দাবি

নিজস্ব প্রতিবেদক

বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা–সংক্রান্ত বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সব নথি জব্দ এবং চিকিৎসায় অবহেলা তদন্তের দাবি জানিয়েছেন তাঁর চিকিৎসকদলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভায় তিনি এ দাবি তোলেন।

তিনি বলেন, ২০২১ সালে কোভিড-১৯ জটিলতায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর পরীক্ষা করে দেখা যায়, খালেদা জিয়া লিভার সিরোসিসে আক্রান্ত ছিলেন। অথচ বিএমইউয়ের ছাড়পত্র অনুযায়ী তাঁকে মেথোট্রেক্সেট দেওয়া হচ্ছিল, যা লিভারের জন্য ক্ষতিকর। লিভার ফাংশন খারাপ থাকা সত্ত্বেও প্রয়োজনীয় আল্ট্রাসনোগ্রাম না করা ও ওষুধ বন্ধ না করাকে তিনি গুরুতর অবহেলা বলে উল্লেখ করেন।

ডা. সিদ্দিকী বলেন, এ অবহেলা ইচ্ছাকৃত কি না, তা খতিয়ে দেখতে উচ্চক্ষমতাসম্পন্ন কমিটির মাধ্যমে তদন্ত প্রয়োজন। একই সঙ্গে সংশ্লিষ্ট নথি জব্দ ও প্রয়োজনে সংশ্লিষ্টদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার দাবিও জানান তিনি।

১৬ জানুয়ারি ২০২৬, ০৭:১৩পিএম, ঢাকা-বাংলাদেশ।