• ঢাকা, বাংলাদেশ
  • শনিবার, ১৩ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

অসুস্থতা কাটিয়ে শিগগিরই রাজপথে ফিরছেন শিমুল বিশ্বাস

অসুস্থতা কাটিয়ে শিগগিরই রাজপথে ফিরছেন শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামছুর রহমান শিমুল বিশ্বাস শিগগিরই রাজপথে ফিরবেন বলে জানিয়েছেন তাঁর ছেলে নিপুন বিশ্বাস। তিনি জানান, অসুস্থতার কারণে কিছুদিন রাজনীতি থেকে দূরে থাকলেও শিমুল বিশ্বাস এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন।

শনিবার রাতে সাপ্তাহিক অভিভাবক-এর সঙ্গে আলাপকালে নিপুন বিশ্বাস বলেন, “এখন উনি ভালো আছেন, আগে থেকে অনেকটাই সুস্থ। গত পাঁচ-ছয় দিন ধরে বাসায় হাঁটাচলা করতে পারছেন। তবে এখনো বাড়িতেই আছেন। ডাক্তার উনাকে পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। বিশেষ করে কথা খুব কম বলতে বলা হয়েছে, কারণ উনার মূলত কণ্ঠস্বরে সমস্যা।”

গত ২০ আগস্ট অসুস্থ হয়ে পড়লে শিমুল বিশ্বাসকে রাজধানীর মগবাজার কমিউনিটি হাসপাতালে ভর্তি করা হয়। তিনি সেখানে তিন দিন আইসিইউতে থাকার পর সাধারণ কক্ষে স্থানান্তরিত হন। পরে ৮ সেপ্টেম্বর তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে তিনি বাসায় বিশ্রামে আছেন।

নিপুন বিশ্বাস জানান, “রাজনৈতিক কাজকর্ম বাসা থেকে যতটুকু করা সম্ভব, তিনি তা পরিচালনা করছেন। সুস্থ হওয়ার পর আবার স্বাভাবিকভাবে রাজপথে সক্রিয় হবেন। উনি সবসময়ই রাজপথের রাজনীতিতে ছিলেন, আছেন এবং থাকবেন।”

শিমুল বিশ্বাসের দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিবার ও সহকর্মীরা।

উল্লেখ্য, প্রাথমিক পরীক্ষায় তার শরীরে চিকুনগুনিয়া ভাইরাস ধরা পড়ে। এছাড়া তিনি জ্বর, শ্বাসনালীর প্রদাহ ও কিডনির জটিলতাসহ নানা রোগে ভুগছেন।

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০৭এএম, ঢাকা-বাংলাদেশ।