ভারতের প্রাদেশিক পত্রিকার সাক্ষাৎকার নিয়ে বিতর্ক: বিএনপিকে ঘিরে অপপ্রচারের অভিযোগ
কলকাতার বাংলা পত্রিকা এই সময়–এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি সাক্ষাৎকারকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের গণমাধ্যমগুলো যাচাই না করেই ওই সাক্ষাৎকারকে কেন্দ্র করে সংবাদ পরিবেশন করছে বলে অভিযোগ তুলেছেন সিনিয়র সাংবাদিক সাইদুর রহমান।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক মন্তব্যে তিনি বলেন, এই সময় কোনো জাতীয় দৈনিক নয়, বরং এটি ভারতের একটি প্রাদেশিক পত্রিকা। অথচ সেখানে প্রকাশিত সাক্ষাৎকারের ভিত্তিতে বাংলাদেশের গণমাধ্যম যাচাই-বাছাই ছাড়াই ঢালাওভাবে সংবাদ প্রকাশ করছে। এমনকি বিএনপি মহাসচিবের বক্তব্য সত্যিই এমন ছিল কি না—সে বিষয়েও ন্যূনতম অনুসন্ধান করা হয়নি।
সাইদুর রহমান মনে করেন, “বাংলাদেশের গণমাধ্যমগুলোর উচিত ছিল অন্তত মির্জা ফখরুলের বক্তব্য সরাসরি নেওয়া। তিনি আসলেই বলেছেন কি না, সেটি যাচাই করা জরুরি ছিল। কিন্তু তা না করে গণমাধ্যমগুলো একতরফাভাবে সংবাদ পরিবেশন করেছে, যা রাজনৈতিকভাবে ক্ষতিকর।”
এদিকে, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এক বার্তায় জানান, ভারতের পত্রিকা এই সময়-এ প্রকাশিত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে, যা বিভ্রান্তিকর। মহাসচিব স্পষ্ট করেছেন, তিনি এ ধরনের কোনো মন্তব্য করেননি। বিভ্রান্তিকর সংবাদ প্রকাশের নিন্দা জানিয়ে তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান এবং সাংবাদিকদের যাচাই-বাছাই ছাড়া এমন সংবাদ না করার অনুরোধ করেন।
সাইদুর রহমান অভিযোগ করেছেন, ভারতের একটি প্রাদেশিক পত্রিকার প্রতিবেদনের ভিত্তিতে পরিকল্পিতভাবে বিএনপিকে মিডিয়া ট্রায়ালে ফেলা হচ্ছে। তিনি বলেন, “এভাবে যাচাই-বাছাই ছাড়াই সংবাদ পরিবেশন করা আসলে একটি রাজনৈতিক দলকে ঘিরে অপপ্রচার চালানো ছাড়া আর কিছু নয়।”
তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, সংবাদ দেখে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া না জানিয়ে কিছুটা অপেক্ষা ও দূরদর্শিতার পরিচয় দেওয়া উচিত ছিল।