• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

ডাকসু নির্বাচনে শিবিরের সাফল্য: রহস্য বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা

ডাকসু নির্বাচনে শিবিরের সাফল্য: রহস্য বললেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

সোমবার (২২ সেপ্টেম্বর) একটি টেলিভিশন টক শোতে বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা ছাত্রশিবিরের কর্মকৌশল, প্রার্থী নির্বাচন এবং জনসংযোগকে প্রকাশ্যে প্রশংসা করেছেন। তিনি বলেছেন, সাম্প্রতিক নির্বাচন দেশের সব রাজনৈতিক দলের জন্য বড় ধরনের শিক্ষা রেখে গেছে।


শিবিরের টিকে থাকার কৌশল

রুমিন ফারহানা বলেন, “শিবির গত ১৬ বছর যেকোনোভাবে ক্যাম্পাসে টিকে থেকেছে। কখনো ছাত্রলীগের ছায়ায়, আবার কখনো নিজেদের পথধারী নেতাদের মাধ্যমে। কিন্তু ছাত্রদল সেটা পারেনি।”

তার মতে, ক্যাম্পাসে টিকে থাকার এই ধারাবাহিকতাই তাদের শক্তির উৎস।


ওয়ান টু ওয়ান সংযোগ ও জনহিতকর কাজ

শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক তৈরি করার কৌশলকে তিনি সবচেয়ে কার্যকর বলে উল্লেখ করেন। রুমিন ফারহানা বলেন, “ওয়ান টু ওয়ান কানেকশন—মানে প্রত্যেক শিক্ষার্থীর সঙ্গে সরাসরি যোগাযোগ—শিবির খুব ভালোভাবে করতে পেরেছে। তার ফল তারা ভোটে ঘরে তুলতে পেরেছে।”

তিনি আরও বলেন, ওয়াটার পিউরিফায়ার বসানো, মেজবান আয়োজনসহ জনহিতকর নানা কার্যক্রমের মাধ্যমে শিবির শিক্ষার্থীদের আস্থা অর্জন করেছে। এই ‘পিপল টু পিপল কানেকশন’-এর সুফল তারা নির্বাচনে পেয়েছে।


নতুন ধরনের প্যানেল

শিবির সরাসরি নিজেদের নামে প্যানেল না করেও নতুন ধরনের প্রার্থী তালিকা দিয়েছে বলে উল্লেখ করেন রুমিন ফারহানা। তার ভাষায়, “তাদের প্যানেলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি ছিল, আধুনিক তরুণী প্রার্থী ছিল। শিক্ষার্থীরা ভাবল, এবার নতুন কিছু দেখা যাক। তাই তারা ভিন্ন ধারা বেছে নিল।”


ডাকসুতে পারফরম্যান্সই হবে পরীক্ষার মঞ্চ

রুমিন ফারহানা বলেন, “আগামী এক বছরে ডাকসুতে তাদের কাজই আসল পরীক্ষা হবে। শিক্ষার্থীরাই যাচাই করবে তারা সত্যিই নতুন ধরনের রাজনীতি আনতে পারে কি না।”


ডাকসু ও জাতীয় নির্বাচনের পার্থক্য

রুমিন ফারহানা বলেছেন, “ডাকসু নির্বাচন শিক্ষণীয় হলেও, জাতীয় নির্বাচনে ভোটারদের বিবেচনা আরও জটিল ও বহুমাত্রিক। জাতীয় পর্যায়ে ভোটাররা কেবল ক্যাম্পাস বা শিক্ষার্থীদের উপর নির্ভর করে না, বরং এলাকার উন্নয়ন, প্রার্থীর দীর্ঘমেয়াদি কার্যক্রম ও নীতি-নির্ধারণকে বিচার করে। তাই ডাকসু নির্বাচনের ফলাফলকে জাতীয় নির্বাচনের পূর্বাভাস হিসেবে দেখা যাবে না।”


ভোটারদের সঙ্গে দীর্ঘমেয়াদি সংযোগ

তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলেন, “আমি দীর্ঘ নয় বছর ধরে নিজের নির্বাচনী এলাকায় কাজ করছি। এই সময়ে ভোটারদের সঙ্গে সরাসরি সম্পর্ক তৈরি করা এবং সেবা প্রদানের অভ্যাস তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ”



টকশোটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন:

২৩ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৭পিএম, ঢাকা-বাংলাদেশ।