বিএনপি মহাসচিবের নামে মিথ্যা সাক্ষাৎকার প্রকাশের অভিযোগ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি অভিযোগ করেছে, সম্প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময়–এ প্রকাশিত একটি সাক্ষাৎকার সম্পূর্ণ ভিত্তিহীন ও মনগড়া।
ওই পত্রিকায় “নির্বাচনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কে চান ফখরুল” শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। এতে দাবি করা হয় যে, বিএনপি মহাসচিব ওই গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন। তবে বিএনপি জানিয়েছে, সম্প্রতি ফখরুল ইসলাম আলমগীর কোনো বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকার দেননি।
বিএনপির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের মহাসচিব ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এই কল্পিত সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়েছে। “বানোয়াট এই বক্তব্যের উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণের মনে বিভ্রান্তি ও সংশয় সৃষ্টি করা। কিন্তু জনগণ ও দলের নেতা–কর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।”
বিবৃতিটি গণমাধ্যমে পাঠান বিএনপির সহ-দফতর সম্পাদক এ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু।