• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: জুবায়ের

জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে: জুবায়ের

জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, “জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে। বাস্তবায়নে প্রয়োজনে গণভোটের আয়োজন করতে হবে। জাতীয় নির্বাচন অবশ্যই জুলাই সনদের আইনি ভিত্তিতে এবং পিআর পদ্ধতিতে অনুষ্ঠিত হতে হবে।”

তিনি বলেন, জনগণের ভোটের সঠিক মূল্যায়নে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। এ পদ্ধতি চালু হলে নতুন কোনো ফ্যাসিবাদের জন্ম হবে না এবং প্রতিটি ভোটের সঠিক প্রতিফলন ঘটবে। 

আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুম’আ মৌলভীবাজার শহরের দেওয়ানি মসজিদের সামনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, মৌলভীবাজার-৪ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এডভোকেট মো. আব্দুর রব, জেলা সহকারী সেক্রেটারি মো. আলা উদ্দিন শাহ, পৌর আমীর হাফেজ মাওলানা তাজুল ইসলাম ও সদর উপজেলা নায়েবে আমীর ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম জাকির।

এডভোকেট জুবায়ের বলেন, জনগণ এখন পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের একমাত্র পথ সুষ্ঠু, উৎসবমুখর নির্বাচন। এজন্য সমতল মাঠ নিশ্চিত করতে হবে এবং ফ্যাসিবাদের দোসরদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। তিনি দুর্গাপূজা উপলক্ষে মন্দির ও পূজাম-পে নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

সমাবেশ শেষে চৌমোহনা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে ৫ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। এতে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫৯পিএম, ঢাকা-বাংলাদেশ।