• ঢাকা, বাংলাদেশ
  • বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

খুনী–চাঁদাবাজ–মস্তানদের সঙ্গে নতুন ভোটারদের মনস্তাত্ত্বিক লড়াই হবে: মিয়া গোলাম পরওয়ার

খুনী–চাঁদাবাজ–মস্তানদের সঙ্গে নতুন ভোটারদের মনস্তাত্ত্বিক লড়াই হবে: মিয়া গোলাম পরওয়ার

জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “আগামী নির্বাচনে খুনী, চাঁদাবাজ ও মস্তানদের সঙ্গে নতুন ভোটারদের মনস্তাত্ত্বিক লড়াই হবে। যে তরুণরা ফ্যাসিবাদকে বিদায় করেছে, তারা দেশ পরিচালনার দায়িত্ব দিতে আর ভুল করবে না।” তিনি ছাত্র–যুব সমাজের নেতৃত্বে ভোট বিপ্লবের মাধ্যমে একটি মানবিক ও সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ডুমুরিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত ছাত্র–যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে “তরুণ প্রজন্মের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক” স্লোগানকে সামনে রাখা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াত সুযোগ পেলে বেকার সমস্যার সমাধান করে একটি সুখী ও সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গড়বে। ডুমুরিয়া–ফুলতলার জলাবদ্ধতার মূল কারণ বিল ডাকাতিয়া উল্লেখ করে তিনি বলেন, “এই বিলকে কেন্দ্র করে মহাপরিকল্পনা নেওয়া হবে। ডুমুরিয়া হবে ব্যবসায়িক হাব।” তিনি আরও প্রতিশ্রুতি দেন, শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হবে; শিক্ষার্থীরা পাশ করার সঙ্গে সঙ্গেই চাকরি পাবেন, না পেলে বেকার ভাতা দেওয়া হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেন, জামায়াত ক্ষমতায় গেলে শুধু মুসলিম নয়, সব ধর্ম–বর্ণের মানুষ ও নারীরাও মর্যাদাবান হবেন। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম তরুণ ভোটারদের দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “নতুন প্রজন্ম আর কোনো ফ্যাসিবাদকে দেশে টিকতে দেবে না।”

২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১পিএম, ঢাকা-বাংলাদেশ।