গুগুলে সুযোগ পেলেন বাংলাদেশের আবু সায়েম
ছবি- আবু সায়েম সেফাতুল্লাহ
বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগলে ডাক পেয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী আবু সায়েম সেফাতুল্লাহ। গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবেন এই তরুণ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র তিনি।
বরিশালয় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
গুগলে ডাক পাওয়ায় শিক্ষার্থী আবু সায়েম সেফতুল্লাহকে নিয়ে সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট দেন সহকারি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান। ওই পোস্টের মাধ্যমেই জানা যায় বাংলাদেশি তরুণের গুগল যাত্রার খবরটি।
ফেসবুকে দেয়া পোস্টে সায়েমকে অভিনন্দন জানিয়ে অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান লিখেছেন,‘বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে প্রথমবারের মতো বিশ্বের শীর্ষ টেক জায়ান্ট গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজের অফার পেয়েছে আবু সায়েম সেফাতুল্লাহ। এটা বরিশাল বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের কম্পিউটনার সায়েন্স বিভাগের জন্য বিরাট অর্জন।’
নিজের সফলতার কথা জানিয়ে আবু সায়মে সেফাতুল্লাহ বলেন, সিএসইতে যারা পড়ে তাদের সবারই ইচ্ছা থাকে গুগলের মতো কোনো একটি জায়গায় কাজ করার। এই ইচ্ছাটা আমারও ছিল। প্রথমবর্ষ থেকেই আমি কন্টেস্ট প্রোগ্রামিং করতাম। সপ্তম সেমিস্টারে থাকাকালীন আমি প্রথম সিঙ্গাপুর থেকে একটি অফার পাই। ওই অফারের পর থেকেই আমি গুগলকে টার্গেটে রেখে প্রোগ্রামিংয়ে জোর দেই।’
সেফাতুল্লাহ বলেন,‘গুগলের ইন্টারভিউ প্রসেসটা বেশ দীর্ঘ ও কঠিন। গত নভেম্বরে ইন্টারভিউ শুরু হয়। বিগত সময়ের মধ্যে অনেকগুলো রাউন্ডে ইন্টারভিউ হয়েছে। ফাইনালি আমি গুগলের অফারটা পেয়েছি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।’